উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫ বার ইউরোপসেরার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি। তবে সর্বশেষ দুই মৌসুম প্রত্যাশামতো কাটেনি তাদের। সেই হতাশা পেছনে ফেলে এবার ১৬তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
ক্লাবের নিজস্ব প্রচারমাধ্যমে ভিনিসিয়ুস বলেন, ১৬তম শিরোপা জয়ের জন্য তারা প্রস্তুত। সর্বশেষ দুই মৌসুম ভালো না গেলেও এবার ভিন্ন কিছু করার প্রত্যয় রয়েছে দলের। শিরোপার লড়াইয়ে নামার আগে রিয়ালের প্রাথমিক লক্ষ্য শেষ আটে জায়গা করে নেওয়া। ভিনিসিয়ুসের ভাষায়, চ্যাম্পিয়নস লিগ এলেই দলের মধ্যে আলাদা রোমাঞ্চ কাজ করে। এবার তারা আগের দুই মৌসুমের চেয়ে ভালো কিছু করতে চায় এবং শেষ পর্যন্ত শিরোপা জিততে চায়।
এবারের চ্যাম্পিয়নস লিগ অভিযানে রিয়াল মাদ্রিদের প্রথম প্রতিপক্ষ ইন্টার মিলান। ম্যাচটি নিয়ে ভিনিসিয়ুস বলেন, চ্যাম্পিয়নস লিগের ম্যাচের অনুভূতিই আলাদা। শক্তিশালী ইন্টার মিলানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। ইন্টার মিলানের শক্তির দিক তুলে ধরে ভিনিসিয়ুস বলেন, দলটি রক্ষণভাগে পাঁচজন খেলোয়াড় নিয়ে খেলে। ফলে রিয়ালের জন্য এমন কৌশলের বিপক্ষে খেলা কিছুটা কঠিন হয়ে ওঠে।
তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কোচ তাদের সেভাবেই প্রস্তুত করেছেন বলে জানান তিনি। দলের কয়েকজন খেলোয়াড় চোটের কারণে না থাকায় কাজটা কিছুটা কঠিন হলেও মাঠে থাকা সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়বেন বলে আশাবাদী এই ব্রাজিলিয়ান তারকা। সমর্থকদের সঙ্গে দলের দারুণ বোঝাপড়া কাজে লাগিয়ে কঠিন ম্যাচে জয় তুলে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন ভিনিসিয়ুস। লক্ষ্য একটাই—রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৬তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন