ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ভোরে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন ঘটনা কারও সঙ্গে ঘটতে পারে এবং এভাবে শান্তিতে থাকা সম্ভব নয়। তাই এসব ঘটনা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের কাছে সবার বিচার দাবি করা উচিত। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের কঠিন সময়ে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি তিনি রাজপথেও অবস্থান নিয়েছিলেন। যখন নীরব থাকাই সহজ ছিল, তখনও বাঁধন নীরব থাকেননি বলে মন্তব্য করেন তিনি।
পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন বাঁধন। হামলার সময় তাকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, রাজনৈতিক কোনো স্লোগান ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হলে সেটি আর রাজনৈতিক আদর্শের প্রকাশ থাকে না; বরং তা জবরদস্তি ও অসহিষ্ণুতার রূপ নেয়। জুলাই আন্দোলনের সময় বাঁধনের ভূমিকার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার বিচার দাবি করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন