নির্বাচনী ব্যয়ের হিসাব নিয়ে এবার আরও কড়াকড়ি আনল নির্বাচন কমিশন। শুধু প্রার্থীর ব্যাংক হিসাব নয়, নির্বাচনী এজেন্টের হিসাবও এবার তথ্যের আওতায় আসছে। নতুন এই বিধানকে ঘিরে নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর আগে ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধনের সিদ্ধান্ত জানানো হয়। সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার সময় প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও উল্লেখ করতে হবে।
অর্থাৎ কোনো প্রার্থী নির্বাচনী ব্যয়ের জন্য নিজস্ব ব্যাংক হিসাব ব্যবহার করলে সেই হিসাবের তথ্য দিতে হবে। আবার নির্বাচনী এজেন্টের হিসাব ব্যবহার করা হলে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
নতুন এই নিয়মের ফলে নির্বাচনী ব্যয়ের অর্থ কোন ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আরও নির্দিষ্ট তথ্য থাকবে। প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টের ব্যয়সংক্রান্ত হিসাব দাখিলের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন থেকে নির্বাচনী প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে মানতে হবে। ফলে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট—দুই পক্ষেরই সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য সঠিকভাবে দাখিল করা জরুরি হয়ে পড়ল।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন