উপকূল, দ্বীপ আর দুর্গম চর—যেখানে চিকিৎসা নিতে জেলা শহরেও পৌঁছানো কঠিন, এবার সেখানকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে পানিতে নামছে হাসপাতাল! প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘স্বাস্থ্য তরী’ নামে ভাসমান হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে এই ভাসমান হাসপাতাল চালুর পরিকল্পনা করছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণাঞ্চলের অন্তত চার থেকে পাঁচটি জেলার প্রায় ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় এই ভাসমান হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। জটিল হলেও সাধারণভাবে বেশি দেখা যায়—এমন বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি সার্জারির ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তিনি।
এই হাসপাতালের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা, মিডওয়াইফদের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী সেবা, শিশুদের চিকিৎসা, সাধারণ অর্থোপেডিক বা হাড়ের অস্ত্রোপচার এবং চোখের ছানি অপারেশনের মতো গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দল গঠন করে এই জাহাজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দেওয়া হবে। সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নৌ-পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা সমন্বয়ের মাধ্যমে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিকল্প উপায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের। বিশেষ করে যারা চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল কিংবা ঢাকায় যেতে পারেন না, তাদের কাছেই চিকিৎসা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থাৎ, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নদীপথই হয়ে উঠতে পারে হাসপাতালের পথ। দুর্গম চর কিংবা দ্বীপের মানুষের জন্য চিকিৎসার সুযোগ তখন আর শুধু জেলা শহরকেন্দ্রিক থাকবে না, বরং চিকিৎসাসেবাই পৌঁছে যাবে তাদের কাছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন