মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ—অপরাধের সঙ্গে জড়িত কেউ দলীয় পরিচয়, প্রভাব বা অন্য কোনো পরিচয়ের আড়ালে যেন ছাড় না পায়, সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার কোনো সুযোগ নেই; অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশ দেওয়া হয়। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ অপরাধ, মামলা, তদন্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের করণীয় নিয়ে আলোচনা করা হয়। আইজিপি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রাখার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে অপরাধ প্রতিরোধের কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কিশোর অপরাধ নিয়েও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিশোর অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি কিশোর গ্যাংয়ের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কি না, তা খুঁজে বের করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যকরভাবে ব্যবহার এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
সামনে দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রতিটি পুলিশ ইউনিটকে নিজ নিজ এলাকার জন্য নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন আইজিপি। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। সভায় আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির পাশাপাশি ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও আলোচনা হয়। সভায় অতিরিক্ত আইজি মো. সায়েদুর রহমান সভাপতিত্ব করেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন