১৭ বছরের শাসনের পর দেশের অর্থনীতি যে অবস্থায় বর্তমান সরকার পেয়েছে, তা সামাল দিয়ে নতুন অর্থনৈতিক ধারায় এগিয়ে যাওয়ার দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের কঠোর বার্তাও দিয়েছেন তিনি। শনিবার ৩ অক্টোবর বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই অর্থনীতিই উত্তরাধিকার হিসেবে পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে এবং দেশকে টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনের প্রসঙ্গও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের এমন নজির বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একাধিকবার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীও জাতিসংঘে ভাষণ দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন বলে দাবি করেন তিনি। এদিকে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে শতভাগ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে।
কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তার ভাষায়, অপরাধী যে দলেরই হোক—বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি—তাকে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের তদবিরও বরদাশত করা হবে না বলে জানান তিনি। সরকার দায়িত্ব নেওয়ার পরের চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার আশঙ্কা, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুযোগসন্ধানী ও দুষ্কৃতকারীরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন