নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দিয়েছে।
ছুটিতে বাড়ি এসে হামলার শিকার
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে বাড়িতে এসে তিনি হামলার শিকার হন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তিনি।
আগের বিরোধের জেরে হামলার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসে মাসাবো এলাকার অভিযুক্ত মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করেছিলেন আবুল কালাম। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শাহজালাল ও তার সহযোগী ১০ থেকে ১৫ জন সশস্ত্র যুবক তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
আবুল কালামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ছুটিতে গ্রামের বাড়িতে এসে পুলিশ সদস্য আবুল কালাম মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন