প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান সফরকালে দুই দেশের যৌথ ঘোষণায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে জাপানের ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ’ বা বিগ-বি প্রকল্পের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে জাপানের এই পরিকল্পনার মূল লক্ষ্য অর্থনৈতিক বিনিয়োগ বাড়ানো এবং শিল্পায়নের নতুন ক্ষেত্র তৈরি করা। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে চায় জাপান। এ জন্য পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থার সামগ্রিক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। ২০১৭ সাল থেকে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে এবং সৌরবিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে। পরবর্তী ধাপে এলএনজি টার্মিনাল ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো নির্মাণে জাপানি ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। তবে বড় অঙ্কের ঋণ নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, প্রকল্পটি থেকে বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাপান ও বাংলাদেশের যৌথ ঘোষণায় আঞ্চলিক যোগাযোগব্যবস্থা বা কানেক্টিভিটি গড়ে তোলার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, আঞ্চলিক যোগাযোগের উদ্যোগের মাধ্যমে ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কি না। ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, এ প্রক্রিয়ায় বাংলাদেশের নিজস্ব নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কতটা বজায় থাকবে, তা স্পষ্ট নয়। গত রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূরাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির বলেন, ভারত কোন বন্দর থেকে সুবিধা পাচ্ছে, সেটি মূল প্রশ্ন নয়। বরং বাংলাদেশের সার্বভৌম নিয়ন্ত্রণ ও কৌশলগত স্বাধীনতা অক্ষুণ্ন রেখে দেশটি সমানুপাতিক সুবিধা নিশ্চিত করতে পারবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। এদিকে সংসদের বিরোধী দলসহ কয়েকটি রাজনৈতিক দল প্রকল্পটি নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলেছে।
প্রধানমন্ত্রীর জাপান সফরের যৌথ ঘোষণায় বিগ-বি প্রকল্পের প্রসঙ্গে সরাসরি ভারত কিংবা অন্য কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে সেখানে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা এবং মাতারবাড়ীকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, প্রকল্পটির সুবিধা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারতের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সংবেদনশীল আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মাতারবাড়ীকে ঘিরে কী ধরনের চুক্তি বা সমঝোতা হচ্ছে, তার বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন। সংসদের বিরোধী দল থেকেও প্রশ্ন তোলা হয়েছে, মাতারবাড়ী প্রকল্পের মাধ্যমে কৌশলে ভারতকে কানেক্টিভিটির সুযোগ দেওয়া হচ্ছে কি না। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নের নামে বাংলাদেশকে কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না।
সাবেক কূটনীতিক সাকিব আলী বিগ-বি প্রকল্পের অর্থনৈতিক পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তবে তাঁর মতে, ভারতের মতো কোনো দেশকে এ প্রকল্পের মাধ্যমে সুবিধা দিতে হলে আগে দেশের ভেতরে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। রাজনৈতিক সমঝোতা ছাড়া প্রকল্পটি বাস্তবায়ন করা কঠিন হবে। সব মিলিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে বিগ-বি প্রকল্পে অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি ঋণের বোঝা, আঞ্চলিক কানেক্টিভিটি, ভূরাজনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। যেকোনো বড় উন্নয়ন প্রকল্পে দেশের স্বার্থ সুরক্ষার জন্য স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব সরকারের।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন