ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে আগ্রহ বাড়ানো এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়।
এ ছাড়া আগামী রোববারের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবশিষ্ট ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার গর্বিত সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তিনি প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু চারা গ্রহণ করেই দায়িত্ব শেষ না করে, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলে, সেটিই প্রত্যাশা।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীলতা দেখাচ্ছে, তবে এটিকে দুর্বলতা মনে করা উচিত নয়। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে যারা সহিংসতা ও নাশকতায় জড়িত, তাদের কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। দেশের মানুষ সংঘাত নয়, শান্তি ও উন্নয়ন চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। এ ধরনের সহিংসতা চালিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো সম্ভব নয়। জনগণের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের সংকটময় সময়ে জিয়া পরিবার সবসময় দায়িত্ব পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন। তাঁরা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব প্রকাশ করে তাঁর পাশে থাকার এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সারা বছর তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। মীর শাহে আলম বলেন, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় এসব এলাকার পরিকল্পিত উন্নয়ন করা হবে। নাগরিক সুবিধা বাড়ানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং আধুনিক নগরসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। ওই দিন তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়কের নির্মাণকাজও উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন