ঢাকা | |

নভেম্বরের বৃষ্টিতে কি আগেভাগেই নামবে শীত? আরও দুই দিন বৃষ্টির পূর্বাভাস

নভেম্বর মাসের মাঝামাঝি সময় পার হওয়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। কোনো অঞ্চলে হালকা,
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, রাত ৮:৫ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, রাত ৮:৫ সময়
নভেম্বরের বৃষ্টিতে কি আগেভাগেই নামবে শীত? আরও দুই দিন বৃষ্টির পূর্বাভাস
নভেম্বর মাসের মাঝামাঝি সময় পার হওয়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। কোনো অঞ্চলে হালকা, কোথাও মাঝারি, আবার কোনো কোনো স্থানে অতি ভারি বর্ষণও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি আরও প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। আবহাওয়াবিদদের মতে, বছরের এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হলে নভেম্বর মাসেও দেশের বিভিন্ন অঞ্চলে এমন আবহাওয়া দেখা যায়। নভেম্বরের বৃষ্টি শুরু হলেই অনেকের মধ্যে ধারণা তৈরি হয়, এই বৃষ্টির পরই হয়তো শীতের আগমন ঘটবে। অনেকে আগেভাগেই শীতের পোশাক, লেপ ও কম্বল বের করতে শুরু করেন। তবে এবারের বৃষ্টিতে সত্যিই শীতের স্থায়ী আগমন ঘটবে কি না, নাকি শীতের জন্য আরও অপেক্ষা করতে হবে—এ নিয়ে কৌতূহল রয়েছে। একই সঙ্গে এবারের শীতের ধরন কেমন হতে পারে, তা নিয়েও আলোচনা চলছে।

কোথায় কত বৃষ্টি, কত দিন থাকতে পারে এই আবহাওয়া
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূল অতিক্রমের প্রক্রিয়ায় রয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে তখনো ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি শুরু হয়নি। এসব অঞ্চলেও শিগগির বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারি বর্ষণ হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে যশোরে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় ৬০, চাঁদপুরে ৫০, খুলনায় ৪৯, কয়রায় ৪৬, কুমিল্লায় ৪১, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ এবং বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৯ মিলিমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

নভেম্বরেও বৃষ্টি হওয়ার কারণ কী
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়। তবে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এসব আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত দেখা দেয়। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির দুটি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষা শুরুর আগে এবং অন্যটি বর্ষা শেষ হওয়ার পর, বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে। আবহাওয়াবিজ্ঞানের ভাষায় এই বৈশিষ্ট্যকে ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি প্রবণতা বলা হয়। ড. মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবছর ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এরপর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরে যাওয়ার কারণে উত্তর গোলার্ধে দিনের সময় কমতে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে। এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ অবস্থায় থাকে। শুধু সমুদ্রের উপরিভাগেই নয়, পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ জমা থাকে। এই উষ্ণতা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করে। বঙ্গোপসাগরের বিভিন্ন স্তরে পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এর ফলে সমুদ্র থেকে বাষ্পীভবনের মাধ্যমে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই জলীয় বাষ্প সাগরে সৃষ্ট লঘুচাপকে শক্তিশালী হতে সহায়তা করে। অনুকূল পরিবেশ পেলে লঘুচাপ ধাপে ধাপে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং কখনো ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবুল কালাম মল্লিক আরও জানান, সূর্যের দক্ষিণায়নের কারণে সমুদ্রের পানির উষ্ণতার পাশাপাশি বাতাসের প্রবাহও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরিতে ভূমিকা রাখে। তিনি বলেন, প্রশান্ত মহাসাগর থেকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ও দক্ষিণ চীন সাগর হয়ে আন্দামান সাগরের দিকে প্রবাহিত বাতাস দক্ষিণ বঙ্গোপসাগরেও প্রবেশ করে। এই বাতাসের ঘূর্ণন থেকে কোনো কোনো সময় ওই এলাকায় লঘুচাপ তৈরি হয়। লঘুচাপের বিস্তৃত অংশ আন্দামান সাগর পেরিয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এ সময় সমুদ্রের পানির তাপমাত্রা অনুকূলে থাকলে এবং সমুদ্রপৃষ্ঠ ও ওপরের বায়ুমণ্ডলের বাতাসের গতির পার্থক্য কম হলে লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে আঘাত না করলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানান ড. মল্লিক। তাঁর ব্যাখ্যায়, বঙ্গোপসাগরে তৈরি কোনো ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল অতিক্রম করার সময় সমুদ্র থেকে জলীয় বাষ্পসমৃদ্ধ বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হতে পারে। এতে বিস্তৃত মেঘমালা তৈরি হয় এবং উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ঘটে। এসব কারণে নভেম্বরের বৃষ্টিকে স্বাভাবিক মৌসুমি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হয়। আবহাওয়াবিদ বজলুর রশীদও জানিয়েছেন, এ মাসে সাধারণত নিয়মিত বৃষ্টি খুব বেশি হয় না। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়।

এবার কি স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬ মিলিমিটার। তবে চলতি বছর এ বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছিল। একইভাবে খুলনা বিভাগে স্বাভাবিক ২৯ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার, বরিশালে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৩০ থেকে ৪০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক ৩৯ মিলিমিটারের বিপরীতে ৩৫ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সিলেট বিভাগে স্বাভাবিক ২৫ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়।

তবে আবহাওয়াবিদ বজলুর রশীদ মনে করছেন, শুক্রবার ও শনিবার একই মাত্রায় বৃষ্টিপাত চলতে থাকলে নভেম্বর মাসের মোট বৃষ্টির পরিমাণ স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যেতে পারে।চলতি মাসে এখন পর্যন্ত দেশে মোট কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগের বছরগুলোর একই সময়ের তুলনায় তা বেশি না কম, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। ড. আবুল কালাম মল্লিকও বলেছেন, নভেম্বর মাসের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হয়েছে নাকি কম, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বর মাসে সাধারণত তিন থেকে পাঁচ দিন বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। তবে এ বছর বিভিন্ন বিভাগে গড়ে দুই থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়। এরই মধ্যে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চলতি মাসের জন্য পূর্বাভাসে উল্লেখ করা বৃষ্টির দিনের সংখ্যার কাছাকাছি পৌঁছাতে পারে, কোনো কোনো অঞ্চলে তা অতিক্রমও করতে পারে। এ ছাড়া নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এর মধ্যে একটি বা দুটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

নভেম্বরের এই বৃষ্টিতে কি শীত নেমে আসবে
নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনও এমন আবহাওয়া থাকতে পারে। কিন্তু এই বৃষ্টিকেই শীতের স্থায়ী আগমন হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ বজলুর রশীদের মতে, বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এতে সাময়িকভাবে শীতের অনুভূতি বাড়বে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কমলেও পরবর্তী সময়ে তা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একে শীতের স্থায়ী শুরু বলা যাবে না।তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এর প্রভাব প্রথমে উত্তরাঞ্চলে বেশি অনুভূত হবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। ইতিমধ্যে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। অন্যদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার কারণে বৃষ্টি হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে কেবল বৃষ্টির কারণেই শীতের আগমন ঘটে না। নভেম্বরের শেষ দিকে স্বাভাবিকভাবেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত দীর্ঘ হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময় কমে আসে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ে। তিনি আরও জানান, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে শীতকাল থাকে। তবে নভেম্বরের শেষ দিক থেকেই শীতের আগমনী আবহ তৈরি হতে শুরু করে। বছরভেদে শীতের তীব্রতা ও স্থায়িত্বে পার্থক্য দেখা যায়।

এবারের শীত কেমন হতে পারে, সে বিষয়েও ধারণা দিয়েছেন এই আবহাওয়াবিদ। ড. মল্লিকের মতে, চলতি মৌসুমে দেশে তুলনামূলক উষ্ণ শীত থাকতে পারে। অর্থাৎ গত ৩০ বছরের গড়ের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি সামগ্রিকভাবে শীতের সময়কালও কিছুটা কমে আসতে পারে। তবে এর মানে এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না কিংবা শৈত্যপ্রবাহ দেখা দেবে না। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ