টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, আর এর কয়েক মিনিটের মধ্যেই ফ্লাইওভারের নিচে পরপর ককটেল বিস্ফোরণ। একই সময়ে ঘটে যাওয়া এসব ঘটনায় গোড়াই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত প্রথমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এর কয়েক মিনিট পর গোড়াই হাটুভাঙ্গা ফ্লাইওভারের নিচে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
আগুন ও বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। তবে এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র। যদিও ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সরকার পতনের আন্দোলনের মধ্যে এই হাইওয়ে থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
ঘটনার পর মির্জাপুর থানার পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানোর ব্যবস্থা করে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, গোড়াই শিল্পাঞ্চল, মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে।
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাতের এই অগ্নিসংযোগ ও বিস্ফোরণের পর গোড়াই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখন হামলাকারীরা কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন