দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। তার আগে প্রধান হুইপ ও পাঁচ হুইপ নিয়োগ দেওয়া হলেও বিরোধী দলীয় নেতা এখনও অনুমোদন হয়নি। এবারের ভোটে যে রেকর্ড ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা জোট বা কোনো দলে যোগ দিচ্ছেন কি না তাও স্পষ্ট হয়নি। তবে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টনে দলে বা জোটভুক্ত হওয়ার বিষয়টি তাদেরকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, কল্যাণ পার্টি ১টি এবং স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসন আওয়ামী লীগ পাবে ৩৮টি, জাতীয় পার্টি পাবে ২টি, আর স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন ১০টি আসন। স্বতন্ত্র সংসদ সদস্যদের রোববার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বতন্ত্ররা দল বা জোটভুক্ত হচ্ছেন কি না তা জানা যাবে সেদিনই।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “দ্বাদশ সংসদে প্রতিনিধিত্বকারী পাঁচটি দল ও ৬২ জন সংসদ সদস্যকে দল ও জোটভুক্ত হওয়ার বিষয়ে মতামত জানাতে চিঠি দেওয়া হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তা কমিশনকে জানাতে হবে। এরপরই সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
স্বতন্ত্র সংসদ সদস্যরা রাজনৈতিক দলে বা জোটে যোগদান করতে চাইলে তা ৩১ জানুয়ারির মধ্যে জানাতে মঙ্গলবার দলগুলোর কাছে চিঠি পাঠায় ইসি। সেখানে বলা হয়, “কোনো নির্দলীয় সংসদ সদস্য আপনার দলে বা জোটে যোগদান করেছেন কি না, অথবা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে অন্য কোনো দলের সঙ্গে আপনার দলে জোট গঠিত হয়েছে কি না; তা ৩১ জানুয়ারি নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।”
ইতোমধ্যে জোটওয়ারি তালিকাভুক্ত করতে জাসদ চিঠি দিয়েছে ইসিতে। অতিরিক্ত সচিব অশোক জানান, বৃহস্পতিবার জাসদের নির্বাচিত একজন সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত করার জন্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু চিঠি দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্বতন্ত্ররা দল বা জোটভুক্ত না হলে পরবর্তী করণীয় বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন