শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খুঁজতেই কি সীমান্ত এলাকা ঘুরে দেখছেন আওয়ামী লীগের পলাতক নেতারা? ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রোববার দুপুরে পেট্রাপোল স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন ওই নেতারা। প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নেতারা কলকাতার নিউ টাউন এলাকা থেকে সকালে রওনা দিয়ে দুপুরের দিকে পেট্রাপোলে পৌঁছান। একটি সাদা গাড়িতে করে তারা অভিবাসন কেন্দ্রে প্রবেশ করেন এবং বিকেল পৌনে চারটার দিকে কলকাতার উদ্দেশে ফিরে যান। তবে সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভারতের অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী কিংবা স্থানীয় পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তের বিকল্প পথগুলোও পরিদর্শনের পরিকল্পনা করছেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন আগরতলার বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তের সংযোগকারী পথ ঘুরে দেখার কথা রয়েছে। এদিকে, পেট্রাপোল এলাকায় একই সময়ে বাংলাদেশে কারাবন্দী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া অংশ নেন। সমাবেশে উপস্থিত বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, কলকাতা থেকে যশোর সড়ক ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।
পশ্চিমবঙ্গে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনাসহ দলের অন্য নেতাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা হতে পারে। তবে এসব দাবি ও সফরের উদ্দেশ্য সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন