নারায়ণগঞ্জের বক্তাবলীতে অবৈধভাবে ইটভাটা চালিয়ে শেষ রক্ষা হলো না তিন প্রতিষ্ঠানের! পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুধু জরিমানাই নয়, একটি ইটভাটার স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্য দুটি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এ ছাড়া একটি ইটভাটার স্থাপনার একাংশ ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়। বাকি দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দলও সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন