শীতের শুরুতেই আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস। বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমতে পারে সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে দেশের আবহাওয়ার পাশাপাশি আসন্ন শীত মৌসুম নিয়ে আরও বড় সতর্কবার্তা এসেছে হিন্দুকুশ হিমালয় অঞ্চল থেকে। বাংলাদেশসহ কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে। ‘হিন্দুকুশ হিমালয় শীতকালীন পূর্বাভাস ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাব ও আবহাওয়ার অস্বাভাবিক প্রবণতার কারণে এবার এই অঞ্চলে বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিছু এলাকায় শুষ্কতা ও দাবানলের ঝুঁকিও তৈরি হতে পারে।
বিজ্ঞানীদের আশঙ্কা, পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টি ও অতিরিক্ত তুষারপাত পাহাড়ের ঢালকে অস্থিতিশীল করে তুলতে পারে। এতে শীতকালেই আকস্মিক দুর্যোগ ও ভূমিধসের ঝুঁকি বাড়বে। এর প্রভাব শুধু পাহাড়ি জনপদেই নয়, নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের মানুষের জীবনযাত্রাতেও পড়তে পারে। নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগও এই আশঙ্কাকে আরও গুরুত্ব দিচ্ছে। গত ২৬ আগস্ট হিমবাহের বরফ ও পাথর ধসে হিমবাহের হ্রদ উপচে আকস্মিক বন্যা হয়েছিল। এতে ঘরবাড়ি ও অবকাঠামো ভেসে গিয়ে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। সেই অভিজ্ঞতার পর আসন্ন শীতের বৃষ্টি ও তুষারপাতের পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন জলবায়ু বিজ্ঞানীরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন