নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানিতে নতুন করে সামনে এসেছে র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নাম। রাষ্ট্রপক্ষের দাবি, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার কথা উঠে এসেছে। তবে সাত খুন মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি। বুধবার ২৫ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাত খুন মামলার আপিল শুনানি শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ পাওয়া গেছে, তা অত্যন্ত ভয়াবহ। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয় এবং মরদেহের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ বলছে, আসামিদের জবানবন্দিতে অপহরণ থেকে শুরু করে হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেওয়ার পুরো প্রক্রিয়ার বিভিন্ন তথ্য উঠে এসেছে। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে বলে দাবি করা হয়েছে। জিয়াউল আহসানের ভূমিকার বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারার জবানবন্দিতে তৎকালীন র্যাব সদর দপ্তরের এডিজি অপারেশনস কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার কথা উল্লেখ রয়েছে।
জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান, র্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদর দপ্তরের এডিজি অপারেশনসের অনুমতি প্রয়োজন হতো। ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরের একটি সম্মেলনে জিয়াউল আহসান তারেক সাঈদকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল বলে জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, ওই ব্যক্তিদের গ্রেপ্তার ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। পরে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।
তবে জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি করা হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনেই এ মামলার বিচার হয়েছে। মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে কারও নাম বা দায়িত্বের বিষয় উঠে আসা এবং তাকে আসামি করা—দুটি আলাদা বিষয়। তাই এ কারণে আগের বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এমন দাবি করার সুযোগ নেই বলেও জানান তিনি। সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে আপিল বিভাগে যুক্তি উপস্থাপন করছে।
এদিকে আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগের কথাও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সাত খুনের পাশাপাশি আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাত খুন মামলার আপিল শুনানি বুধবার দিনভর চলেছে। বৃহস্পতিবারও শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন