ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দেতে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে, যা দেশটির বিগত ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এই বন্যায় এখন পর্যন্ত ৩৯ জন নিহত ও ৭৪ জন নিখোঁজ হয়েছে। বন্যার কারণে রাজ্যের বেশ কয়েকটি শহর থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই বন্যা রিও গ্রান্দে রাজ্যের ইতিহাসে ১৯৪১ সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে। বন্যার প্রকোপ এতটাই বেশি, কিছু কিছু শহরে পানির স্তর এত বেশি উঠে গেছে যে, তা বিগত দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ব্রাজিলের জিওলজিক্যাল সার্ভে।
আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া রিও গ্রান্দে দো সুল রাজ্যে গত সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় এতে রাজ্যের ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি এসব শহরের অন্তত ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে গতকাল সাংবাদিকদের বলেন, বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকটি সড়ক ও সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অনেক জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাজিলের আবহাওয়াবিদ মার্সেলো সেলুচি গতকাল শুক্রবার বলেছেন, এই ভারী বর্ষণ শুরু হয়েছে গত সপ্তাহের সোমবার থেকে এবং তা অন্তত আজ শনিবার পর্যন্ত স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক বছরের মধ্যে রাজ্যটিতে এবারের ঝড় ও বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যজুড়ে নদনদীর পানি এখনও বাড়ছে, বহু এলাকা বন্যাকবলিত হয়েছে। এদিকে দুর্যোগের মধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যটি পরিদর্শনে যান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সেখান গিয়ে তিনি রাজ্যের গভর্নরের সঙ্গে উদ্ধার অভিযানের বিষয়ে আলাপ করেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন