ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ জানিয়েছেন, ঢাকায় আসন্ন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। রোববার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ এই কথা বলেন।
চেকপোস্ট ও অভিযানের বিষয়ে তিনি বলেন, এটা পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে।
হারুন অর রশীদ বলেন, প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসেন। তারা এসে বিভিন্ন অপরাধ করে। রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য চেকপোস্ট বসানো হয়। এটা পুলিশের রুটিন কাজ। এটা পুলিশ সব সময় করে। অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। অপরাধ কমে আসছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরে একসময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন চারটি সমাবেশ হচ্ছে, প্রত্যেকটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন