জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার । এতে জানানো হয়, ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে যৌথভাবে দুটি ছবি। এগুলো হলো ‘পরাণ’ ও কুড়া পক্ষীর শূন্যে উড়া। এরমধ্যে সবচেয়ে আলোচনায় ছিল লাইভ টেকনোলজির ‘পরাণ’ ছবিটি । লাইভ টেকনোলজির জনপ্রিয় দুই প্রযোজক ইয়াসির আরাফাত ও মোঃ তামজিদ উল আলম । তাঁরা দুজনই ছবির এই শুভ সংবাদ শুনে বেশ উচ্ছ্বসিত ।
তাঁরা জানান, আমরা পুরো টিম অনেক উচ্ছ্বসিত। কারণ এটা একটা বড় প্রাপ্তি। ছবিটি যখন মানুষ গ্রহণ করলো তখন একটা প্রত্যাশা ছিল ছবিটি নিয়ে। কিন্তু এবার ‘পরাণ’ সেরা ছবি হিসেবে পুরস্কার পেতে যাওয়ায় আমরা আরও বেশি আনন্দিত।
জাতীয় পুরস্কার পেলে দায়িত্ব বেড়ে যায়। সামনে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে লাইভের। সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই সেটা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
‘পরাণ’ ছিলো গত বছরের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি। লাইভ টেকনোলজির প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন রায়হান রাফি। আর এতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ প্রমুখ। করোনার পর মূলত এ ছবিই ব্যবসায়িক মোড় ঘুরিয়ে দেয়ে চলচ্চিত্রের। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ছবিটি সেরা নির্বাচিত হলো।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন