দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। ভক্তদের জন্য উপহার হিসেবে ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সালমান-ক্যাটরিনার জুটিতে জমবে উন্মাদনা। কিং খানকেও দেখা যাবে টাইগার ৩-তে। ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। ছবিতে শাহরুখ-সালমানকে দেখার উচ্ছ্বাস তো আছেই ভক্তদের মধ্যে। সঙ্গে যোগ হচ্ছে নতুন এক ধামাকা।
অনেকদিন ধরেই হৃতিক রোশনকে এ ছবিতে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হলো। সূত্রের খবর, যশরাজ ফিল্মস সালমান, শাহরুখ ও হৃতিক রোশনকে নিয়ে ‘ওয়ার ২’ বানানোর পরিকল্পনা করেছিল। তবে হঠাৎ তাদের প্ল্যানে এসেছে পরিবর্তন। টাইগার ৩-তেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে প্রথমবার পর্দায় আনতে যাচ্ছেন।
ছবিতে সম্ভবত গুপ্তচরের ভূমিকাতে দেখা যাবে হৃতিককে। যদিও ছবির টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।
যশরাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে এই স্পাইভার্স। অর্থাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে ‘টাইগার’ ‘পাঠান’, ও ‘ওয়ার’– এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে বলিউডের ক্রসওভার।
স্পাই ইউনিভার্সের শেষ ছবি ছিল ‘পাঠান’। শাহরুখ-পাঠানকে বাঁচাতে তখন চলন্ত ট্রেনে হঠাৎ এসে পৌঁছান টাইগার-সালমান। পর্দায় ঝড় তুলেছিল পাঠান-টাইগারের বন্ধুত্বের সেই দৃশ্য। এ ছবিতে টাইগারের সাহায্যে এগিয়ে আসবেন পাঠান, এমনটাই শোনা যাচ্ছে। চলচ্চিত্র বাণিজ্য-বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই ১০০ কোটি পার করবে টাইগার ৩।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন