ওয়ানডে ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের রেকর্ড স্পর্শ করেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এই তিনজনই নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে ইনিংসে ছয়বার করে পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মোস্তাফিজ ৯ ওভার বল করে ৪৩ রানে ৫ উইকেট নেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার মাইলফলকে পৌঁছান।
মোস্তাফিজ এখন ১২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। অন্যদিকে ওয়াসিম আকরাম ৩৫৬ ম্যাচে এবং ট্রেন্ট বোল্ট ১১৪ ম্যাচে একই কীর্তি গড়েছেন। ওয়ানডেতে বাঁহাতি পেসারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারের রেকর্ডের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তিনি ১৩০ ম্যাচে নয়বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেক ম্যাচেই তিনি ৫০ রানে ৫ উইকেট নেন এবং পরের ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট শিকার করেন। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট পান তিনি।
পরবর্তীতে ২০১৯ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫৯ রানে এবং পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে পাঁচ উইকেট নিয়ে আরও দুটি সাফল্য যোগ করেন মোস্তাফিজ। প্রায় সাত বছর পর আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিজের সাফল্যের তালিকাকে আরও সমৃদ্ধ করলেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশ দলের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তার দখলেই রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন