চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৪৮টি ফ্লাইটে মোট ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে স্বাভাবিক কারণে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত এসব হজযাত্রী জেদ্দায় পৌঁছান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা যান।
হজযাত্রীদের চিকিৎসা ও সেবায় নিয়োজিত মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৬ হাজার ৪৩০ জন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এয়ারলাইন্সভিত্তিক হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাকি ২০ হাজার ৮৫২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন