২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি পুনর্নির্ধারণের কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পূর্বনির্ধারিত ওয়ানডে সিরিজ অপরিবর্তিত থাকছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি জুন-জুলাই থেকে পরিবর্তন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ায় আন্তর্জাতিক নারী ক্রিকেটের সূচিতে নতুন করে সমন্বয় করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়া সফর করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর মার্চ মাসে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে। আগের সূচি অনুযায়ী, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে বাংলাদেশের নারী দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজ বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে।
এদিকে নিউজিল্যান্ড নারী দলের সফরসূচিও পরিবর্তন করা হয়েছে। ফেব্রুয়ারির পরিবর্তে তারা আগামী ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যে সময়টিতে আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। পরে মার্চ মাসে আবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিউজিল্যান্ড নারী দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজের প্রথম ম্যাচ ৬ মার্চ ক্যানবেরায় এবং পরের দুটি ম্যাচ ৮ ও ১০ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন