অবশেষে বিশ্বকাপে পয়েন্টের দেখা পেলো কানাডা। শুক্রবার টরন্টোয় অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই হারের স্বাদ পেয়েছিল কানাডা। তবে এবার ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট তুলে নিয়ে নতুন সূচনা করলো তারা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও প্রথম গোল হজম করতে হয় কানাডাকে। ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন বসনিয়ার ফরোয়ার্ড জোভো লুকিচ, এতে স্বাগতিক দর্শকরা কিছুটা স্তব্ধ হয়ে যায়। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় কানাডা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ফরোয়ার্ড কাইল লারিন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। ফলে বিশ্বকাপ মিশন শুরু করলো পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন