ঢাকা | |

প্রীতমের রহস্যময় পোস্ট, দিলেন ‘বিদায়ে’র ইঙ্গিত

বলিউড ও টালিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার প্রীতমের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৬, সকাল ৯:৪৯ সময়
প্রীতমের রহস্যময় পোস্ট, দিলেন ‘বিদায়ে’র ইঙ্গিত

বলিউড ও টালিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার প্রীতমের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। তার রহস্যময় বার্তার পর থেকেই ভক্তদের একাংশ মনে করছেন, তিনি হয়তো সংগীতজগত থেকে বিরতি নেওয়া বা নতুন কোনো জীবনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন করেন প্রীতম। শুভেচ্ছায় ভাসার পর দিনশেষে তিনি একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা ব্যাখ্যার জন্ম দেয়।


নিজের বার্তায় তিনি জানান, তিনি যেন নিজেকেই কয়েকটি নতুন বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের যেসব অভিজ্ঞতা এতদিন নেওয়া হয়নি, সেগুলো উপভোগ করতেই এবার নতুনভাবে পথচলার পরিকল্পনা করেছেন। পাশাপাশি এতদিন অপেক্ষায় থাকা নানা কাজ শুরু করার কথাও উল্লেখ করেন তিনি। পোস্টে আরও বলেন, বাণিজ্যিক সংগীতজগতের অভিজ্ঞতা তার জন্য দারুণ হলেও অজানা ও ভিন্নধর্মী পথের প্রতি বরাবরই তার আকর্ষণ ছিল। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।


এই বক্তব্য প্রকাশের পর অনেক ভক্ত ধারণা করেন, হয়তো তিনি নিয়মিত সংগীতচর্চা বা বাণিজ্যিক কাজ থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে ‘নতুন সফর’ এবং ‘জীবনকে অন্যভাবে বাঁচা’—এ ধরনের শব্দগুচ্ছই জল্পনার আগুন আরও বাড়িয়ে দেয়। তবে পোস্টের কোথাও তিনি সরাসরি সংগীতজগৎ ছাড়ার ঘোষণা দেননি। ফলে এটি স্থায়ী অবসর, সাময়িক বিরতি নাকি ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।


পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তার নতুন গান এবং জনপ্রিয় শিল্পীদের সঙ্গে যুগল কাজগুলো তারা ভীষণভাবে মিস করবেন। আবার অনেকের মতে, এটি হয়তো কেবল নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন পর্যন্ত এ বিষয়ে প্রীতমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না আসায় জল্পনা-কল্পনার অবসান হয়নি। ফলে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই