নাটোরের গুরুদাসপুরে সম্পত্তির দখলকে কেন্দ্র করে আপন মা–বাবাকে ঘরে তালাবদ্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক মেয়ে ও তার পুলিশ কনস্টেবল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে।
ভুক্তভোগী ৬২ বছর বয়সী মসলেম সরকার থানায় লিখিত অভিযোগে জানান, তার মেয়ে বিউটি বেগম, জামাতা পুলিশ কনস্টেবল আবু সাইদ এবং আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এ হামলা ও দখল কার্যক্রম চালায়। অভিযোগে ১০–১৫ জনের একটি দল সম্পৃক্ত ছিল বলেও উল্লেখ করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মসলেম সরকার পাঁচ মেয়ের নামে মোট ৫৬ দশমিক ৫০ শতক জমি শর্তসাপেক্ষে লিখে দেন। শর্ত অনুযায়ী তিনি ও তার স্ত্রী জীবদ্দশায় সম্পত্তি ভোগদখল করবেন। তবে পরে পারিবারিক বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং একটি মামলা চলমান রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই ভাড়াটে লোকজন নিয়ে দোকানঘর দখল ও ভাঙচুর করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। অভিযুক্ত বিউটি বেগম দাবি করেছেন, তিনি নিজের নামে থাকা অংশ দখল করেছেন। অন্যদিকে তার স্বামী ঘটনার সময় উপস্থিত না থাকার কথা জানান। আরেক অভিযুক্ত সরোয়ার শাহ ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করলেও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
গুরুদাসপুর থানার পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন