চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। সোমবার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারী এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য হলো উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং দুর্গত মানুষের কাছে দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। পানি কমে গেলে উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় গিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করবে। তিনি আরও বলেন, যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকার সহযোগিতা করবে। পাশাপাশি যাদের কৃষিজমি পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে জুলাই মাসের ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন