ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে এবং এতে ঘাঁটির সামরিক স্থাপনা ও সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের একটি গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের অষ্টম ধাপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং সেনা সমাবেশস্থলে নির্ভুল আঘাত হানার দাবি করেছে বাহিনীটি। তবে এই দাবির স্বাধীনভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। এ পরিস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে কুয়েত থেকে সব মার্কিন সেনা ও সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান।
এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন