বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবিবাহিত হতে হবে। বয়স ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের হলফনামা বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) এবং বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর আনসার ব্যাটালিয়নের আইন ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। চাকরিতে যোগদানের পর রেশন, পোশাক, ভাতা এবং ব্যাটালিয়নের প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আবেদন করতে হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও অনলাইন নিবন্ধন ফি বাবদ মোট ২০০ টাকা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে জমা দিতে হবে।
শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং নিজস্ব কলম সঙ্গে আনতে হবে। যারা সরকারি বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় কাজ করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন