বিশ্বকাপের মহারণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চেয়েছিল। কিন্তু নিউ জার্সির বৈরী আবহাওয়া সেই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনুশীলন ব্যাহত হয়েছে দুই ফাইনালিস্টেরই। আর্জেন্টিনার নির্ধারিত অনুশীলন শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকালে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে দীর্ঘ সময় মাঠে নামতে পারেননি লিওনেল মেসি ও তার সতীর্থরা। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নেমে গা-গরম, কৌশলগত প্রস্তুতি এবং প্রয়োজনীয় অনুশীলন শেষ করেন তারা। তবে আবার বৃষ্টি শুরু হওয়ায় দ্রুত অনুশীলন শেষ করে হোটেলে ফিরে যায় আর্জেন্টিনা।
অন্যদিকে স্পেনের অবস্থা ছিল আরও কঠিন। বজ্রপাতের আশঙ্কায় প্রথমে তাদের অনুশীলনের সময় পিছিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুরো অনুশীলনই বাতিল করা হয়। ফলে শেষ মুহূর্তের মাঠের প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের ফাইনালে নামতে হচ্ছে স্প্যানিশ দলকে। তবে আবহাওয়া নিয়ে নতুন করে স্বস্তির খবরও এসেছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ ও অনুকূল আবহাওয়াতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে আর্জেন্টিনা, অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর আবার বিশ্বসেরার মুকুট ফিরে পাওয়ার লক্ষ্যে স্পেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে শেষ বাঁশি বাজার পরই।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন