টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত এবার অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী বৃহস্পতিবার ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সহসভাপতি হিসেবে যোগ দিয়েছেন। রাজনীতিতে যোগ দেওয়ার পর মানসী জানিয়েছেন, পুরোনো সরকারের সমালোচনা করে নয়, বরং নিজের কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হতে চান তিনি।
সংগঠনে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানসী বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি কখনো সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন না। কোনো দিন দলীয় সভা বা মিছিলে অংশ নেননি। তবে শিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেতে হয়েছে। পুরোনো সরকারের কর্মকাণ্ড কিংবা কার কী ভুল ছিল—এসব বিতর্কে যেতে চান না বলেও জানান অভিনেত্রী। তার ভাষায়, কে কী ভুল করেছে, কার কী খারাপ ছিল বা কে কী করতে পারে—এ নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে তিনি বিশ্বাস করেন না।
মানসী বলেন, মানুষের কীভাবে ভালো হবে, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমালোচনার কারণে আলোচনায় থাকতে চান না তিনি। নিজের কাজের মাধ্যমে মানুষের নজরে আসতে চান বলেও জানান এই অভিনেত্রী। এদিকে মানসীর রাজনৈতিক দলে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ তার নতুন পথচলার প্রশংসা করেছেন, আবার কেউ রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন।
একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, রাজনীতিতেও তিনি ভালো করবেন বলে আশা করছেন। অন্য একজন মন্তব্য করেছেন, মানসীও এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন। আবার কেউ কেউ তার এই সিদ্ধান্তকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে দেখেছেন। টেলিভিশন নাটকে দীর্ঘদিন ধরে কাজ করছেন মানসী সেনগুপ্ত। ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’ ও ‘উমা’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান এই অভিনেত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন