ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না: আনু মুহাম্মদ ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, চলবে সংসদ ভবনও বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্যের পরিমাণ। প্রতিদিন বিপুলসংখ্যক মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রসহ নানা
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্যের পরিমাণ। প্রতিদিন বিপুলসংখ্যক মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রসহ নানা বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম অকেজো হয়ে পড়ছে। কিন্তু এসব বর্জ্যের পরিবেশসম্মত ও আলাদা ব্যবস্থাপনা না থাকায় অধিকাংশই সাধারণ গৃহস্থালি বর্জ্যের সঙ্গে মিশে যাচ্ছে।


পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতি বছর প্রায় ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। ২০৩৫ সাল নাগাদ এর পরিমাণ বছরে ৪৬ লাখ টনে পৌঁছাতে পারে। ২০১৮ সালের ওই প্রতিবেদনে দেশে বছরে প্রায় ৪ লাখ টন ই-বর্জ্য উৎপাদনের কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে মাত্র ৩ শতাংশ পুনঃপ্রক্রিয়াজাত করা হয়, আর বাকি ৯৭ শতাংশের স্থান হয় ভাগাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রনিক সরঞ্জামে থাকা সিসা, পারদ, ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম, টিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক মাটি ও পানিতে মিশে পরিবেশ দূষণ করছে। এসব দূষিত উপাদান বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করে শ্বাসযন্ত্র, স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা, মূত্রতন্ত্র ও প্রজনন ব্যবস্থায় ক্ষতির ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য ঝুঁকি বেশি।


এতদিন মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন ও জাহাজভাঙা শিল্পের বর্জ্য নিয়ে বেশি আলোচনা হলেও এখন সৌরবিদ্যুৎ খাতের বর্জ্যও নতুন উদ্বেগ তৈরি করছে। দেশে গত এক দশকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও ব্যাটারিচালিত বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে। এসব যন্ত্রের আয়ুষ্কাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ সৌর প্যানেল ও ব্যাটারি বর্জ্যে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ক্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের জলবায়ু কেন্দ্রের যৌথ গবেষণা অনুযায়ী, দেশে স্থাপিত সৌর প্যানেল থেকে ভবিষ্যতে প্রায় ৩৩ হাজার ২০৫ টন ই-বর্জ্য তৈরি হতে পারে। সঠিক ব্যবস্থাপনা করা গেলে এসব বর্জ্য থেকে বিপুল পরিমাণ কাচ, অ্যালুমিনিয়াম, সিলিকন ও তামা পুনরুদ্ধার সম্ভব। কিন্তু কার্যকর পুনঃপ্রক্রিয়াজাত ব্যবস্থা না থাকায় ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর উপাদান পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে।


অন্যদিকে, বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবহার বাড়ায় লিথিয়াম-আয়ন ও সিসা-অ্যাসিড ব্যাটারির বর্জ্যও দ্রুত বাড়ছে। এসব ব্যাটারি সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারে মানসম্মত ব্যবস্থাপনা না থাকায় অনেক ক্ষেত্রে খোলা জায়গায় ফেলে রাখা হচ্ছে কিংবা ঝুঁকিপূর্ণ উপায়ে গলিয়ে মূল্যবান ধাতু সংগ্রহ করা হচ্ছে। পরিবেশভিত্তিক বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, দেশের ই-বর্জ্যের প্রায় ৯৭ শতাংশই অনানুষ্ঠানিক খাতে প্রক্রিয়াজাত হয়। রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন স্ক্র্যাপ মার্কেট ও অস্থায়ী কারখানায় খোলা জায়গায় বর্জ্য পোড়ানো, এসিড ব্যবহার কিংবা হাতুড়ি দিয়ে ভেঙে ধাতু সংগ্রহ করা হয়। এতে শ্রমিকরা সরাসরি বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসছেন।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার জানিয়েছেন, বর্তমানে ই-বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না; সাধারণ বর্জ্যের সঙ্গেই এগুলো ব্যবস্থাপনা করা হয়। তবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে কোরিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৬০০ কোটি টাকার প্রকল্পে সম্পদ পুনরুদ্ধার কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পৃথক করে প্লাস্টিক থেকে তেল, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার ও জৈব গ্যাস তৈরির উদ্যোগ নেওয়া হবে। মাতুয়াইল ল্যান্ডফিলে এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের