সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। কর্মসূচি থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে সিদ্ধান্তটি দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রনেতারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ডাকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন চলবে না’, ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না’ এবং ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম বলেন, ভাইভায় অতিরিক্ত নম্বর বরাদ্দের মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে মেধাভিত্তিক ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, সরকারি চাকরিতে নিয়োগ হতে হবে প্রার্থীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে, কোনো ধরনের প্রভাব বা বিশেষ সুবিধার মাধ্যমে নয়। তিনি আরও বলেন, মৌখিক পরীক্ষাকে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ হিসেবে ব্যবহার করা হলে দেশের লাখ লাখ বেকার তরুণ বৈষম্যের শিকার হবেন। সরকার দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, মৌখিক পরীক্ষায় নম্বর বাড়িয়ে কোটা বা দলীয়করণের সুযোগ তৈরির কোনো উদ্যোগ সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের আগে বিদ্যমান বৈষম্যমূলক নিয়োগব্যবস্থার পুনরাবৃত্তি হলে রাজপথে তার প্রতিবাদ করা হবে। বেকার তরুণদের অধিকার রক্ষায় নিয়োগ-বাণিজ্যের সম্ভাব্য পথ বন্ধ করে দ্রুত মেধাভিত্তিক নিয়োগ কাঠামো বহাল রাখার দাবি জানান ডাকসুর নেতারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন