জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে এবার নজর কাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য মুখোমুখি বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠক হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। এমন বৈঠক হলে তা দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হয়ে উঠতে পারে।
রোববার ২০ সেপ্টেম্বর ফক্স নিউজের এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফক্স নিউজকে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা থিও ওল্ড জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ট্রাম্প ও পেজেশকিয়ানের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষায়, নিউইয়র্কে একটি নাটকীয় মুহূর্ত তৈরির প্রস্তুতি চলছে।
এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প নিজেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর্যায়ে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, খুব শিগগিরই এ বিষয়ে বড় ধরনের অগ্রগতি কিংবা পরিবর্তন আসতে পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামনে কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে বলেও ট্রাম্প উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে আরও সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা এবং সরাসরি আলোচনায় বসা। একই সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়ে আন্তর্জাতিক নানা সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে তেহরানের অবস্থান ব্যাখ্যা করার কথা রয়েছে। অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। এখন পর্যন্ত ট্রাম্প ও পেজেশকিয়ানের বৈঠক নিশ্চিত হয়েছে—এমন তথ্য নেই। তবে নিউইয়র্কে একই সময়ে দুই নেতার উপস্থিতি এবং ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কারণে সম্ভাব্য বৈঠকটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন