ঢাকা | |

মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণাদের বাঁচা-মরার লড়াই আজ

১৬ গোল হজম করে টানা দুই ম্যাচে বড় হার—এরপরও বাংলাদেশের সামনে এখনো টিকে আছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ।
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণাদের বাঁচা-মরার লড়াই আজ

১৬ গোল হজম করে টানা দুই ম্যাচে বড় হার—এরপরও বাংলাদেশের সামনে এখনো টিকে আছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। তবে সেই সুযোগ ধরে রাখতে আজ মিয়ানমারের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। শুধু জয়ই নয়, অন্য ম্যাচের ফল আর গোল ব্যবধানের হিসাবও হয়ে উঠতে পারে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের বড় বিষয়। এশিয়ান গেমস নারী ফুটবলে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জাপানের ওসাকা শহরে বাংলাদেশ সময় দুপুর ১টায় মিয়ানমারের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।


বাংলাদেশের জন্য সমীকরণটা বেশ কঠিন। মিয়ানমারের বিপক্ষে জয় পেলে তৃতীয় স্থান ধরে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও তৈরি হতে পারে, তবে সেক্ষেত্রে অন্য গ্রুপের থাইল্যান্ড ও ভিয়েতনামের ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওই ম্যাচ ড্র হলে বাংলাদেশের হিসাব কিছুটা সহজ হতে পারে। কিন্তু থাইল্যান্ড বা ভিয়েতনামের যেকোনো একটি দল জিতে গেলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তখন শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ের প্রয়োজন হতে পারে। অর্থাৎ গোল ব্যবধানের হিসাবও করতে হবে বাংলাদেশকে।


কারণ এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সময়টা মোটেও ভালো যায়নি। দুই কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে দলটি। উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে মোট ১৬ গোল হজম করেছে বাংলাদেশ। তবে আজকের প্রতিপক্ষ মিয়ানমারকে ঘিরে কিছুটা আশাবাদী বাংলাদেশ কোচ পিটার বাটলার। তিনি আগেই বলে আসছেন, মিয়ানমারের বিপক্ষে ম্যাচটিই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। মিয়ানমার অবশ্য শক্তিশালী দল। তবে এই দলের বিপক্ষেই বাংলাদেশের নারী ফুটবলের সুখস্মৃতি রয়েছে। মিয়ানমারের মাটিতে মিয়ানমারকে হারিয়েই এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।


আরেকটি বাড়তি সুবিধা হতে পারে ঋতুপর্ণা চাকমার অভিজ্ঞতা। বাংলাদেশের এই নারী ফুটবলার চলতি মৌসুমে মিয়ানমার লিগে খেলেছেন। ফলে মিয়ানমারের অনেক খেলোয়াড় ও তাদের খেলার ধরন সম্পর্কে তার পরিচিতি রয়েছে। তবে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের একাদশ নির্বাচন ও দল গঠন নিয়েও প্রশ্ন উঠেছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ, থাইল্যান্ড সফরে দুই ম্যাচ, এশিয়ান গেমসের আগে চীনের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ এবং পরে জাপানে দুই কোরিয়ার বিপক্ষে ম্যাচ—সব মিলিয়ে ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।


তারপরও একটি নির্দিষ্ট একাদশ গড়ে উঠেনি বলে সমালোচনা রয়েছে। কোন ম্যাচে কে ভালো খেলছেন, আর কে পরের ম্যাচে সুযোগ পাচ্ছেন—এ নিয়ে দলের পরিকল্পনাও অনেকের কাছে পরিষ্কার নয়। এদিকে বাংলাদেশের গ্রুপের চার দলই ওসাকায় একই হোটেলে অবস্থান করছে। এশিয়ান গেমসের বিভিন্ন ভেন্যুতে অব্যবস্থাপনার অভিযোগ উঠলেও বাংলাদেশ দলের খেলোয়াড়রা সেখানে কোনো বড় সমস্যায় পড়েননি বলে দলীয় সূত্রে জানা গেছে।


এখন সব নজর মিয়ানমারের বিপক্ষে ম্যাচে। কঠিন সমীকরণ সামনে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। জয়, গোল ব্যবধান এবং অন্য ম্যাচের ফল—সবকিছু মিলিয়েই নির্ধারিত হতে পারে লাল-সবুজের মেয়েদের পরের রাউন্ডের ভাগ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক