চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটির পাশাপাশি এর আওতাধীন ১২টি কোম্পানিতে একসঙ্গে ৭৫৩ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯টি ভিন্ন পদে এসব নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের পদগুলোতে নবম ও দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। নবম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আর দশম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদ রাখা হয়েছে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল বিভাগে। এই পদে মোট ২৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। যন্ত্রকৌশল, তড়িৎকৌশল, পুরকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রাসায়নিক এবং পেট্রোলিয়াম প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে ১৫০ জনকে। এই পদগুলোতে বিভিন্ন বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনের সুযোগ রয়েছে। প্রশাসন বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে ৯৭ জন এবং সহকারী কর্মকর্তা পদে ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থ বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে ৬৩ জন এবং সহকারী কর্মকর্তা পদে ৫৩ জন নেওয়া হবে।
এর বাইরে চিকিৎসা বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে ১৫ জন, ভূতত্ত্বে ১২ জন, কারিগরি বিভাগে ১১ জন, আইনে ৬ জন, ভূ-পদার্থবিদ্যায় ২ জন এবং ভূ-রাসায়নিক, রসায়ন ও পরিবেশ বিভাগে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সহকারী ড্রিলার পদে একজন, সহকারী কর্মকর্তা বা উপ-সহকারী কর্মকর্তা কারিগরি পদে ১১ জন, প্রশিক্ষণার্থী ড্রিলার পদে চারজন, সহকারী কর্মকর্তা আইন পদে চারজন এবং সহকারী গ্রন্থাগারিক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
পদভেদে শিক্ষাগত যোগ্যতাও আলাদা রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, চার বছর মেয়াদি স্নাতক সম্মান, প্রকৌশলে স্নাতক, চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা বিভাগের জন্য এমবিবিএস ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। তাই নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন