দেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত নির্দিষ্ট চার পদের শিক্ষক ও কর্মকর্তাদের চাকরিসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) এবং জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে কর্মরতদের এসব তথ্য নির্ধারিত ছকে জমা দিতে হবে। এ জন্য আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলোর হালনাগাদ তালিকা তৈরির লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের চাকরির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত প্রত্যেকের তথ্য আলাদাভাবে নির্ধারিত ছকে পূরণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, পূরণ করা ছকের হার্ডকপি এবং সফটকপি আগামী ২৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি অথবা পেনড্রাইভে জমা দিতে হবে। তথ্য প্রস্তুত করতে হবে এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্ট ব্যবহার করে। কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। চাকরিসংক্রান্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের পাশাপাশি বুনিয়াদি বা প্রাথমিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে ব্যক্তিগতভাবে নিতে হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে। এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমেও তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তার তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না, তা যাচাই করে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন