যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করলে ১০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর লন্ডন পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোঁজ করা দুই ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ এবং ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। দুজনেরই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে এসে থাকতে পারেন। পুলিশের অভিযোগ, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়। কিশোরীর বর্ণনা অনুযায়ী, হোয়াইটচ্যাপেল রোডে ওই দুই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা তাকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। পরে এক পথচারী কিশোরীকে দেখতে পেয়ে সহায়তা করেন।
ঘটনার পর থেকেই তদন্ত চালিয়ে আসছে লন্ডন পুলিশ। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো ওই দুই ব্যক্তির অবস্থান নিশ্চিত করা যায়নি। তদন্ত কর্মকর্তা গোয়েন্দা আনা ডেইটন জানিয়েছেন, পুলিশ দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাদের সঙ্গে কথা বলতে চায়। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেছেন, কিশোরীটি ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর ঘটনার শিকার হয়েছে। তাই তদন্ত এগিয়ে নিতে যেকোনো ছোট তথ্যও গুরুত্বপূর্ণ হতে পারে। পরিচয় গোপন রেখেও সংস্থাটির কাছে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। আর পরিচয় গোপন রেখে তথ্য দিতে যোগাযোগ করা যাবে ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন