আগামী ডিসেম্বর মাসে ‘আপা’ দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে ফিরলেও তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ এখনো নিষ্ক্রিয় হয়ে যায়নি। বিশ্ববিদ্যালয়গুলোও জেগে আছে। শিক্ষার্থীদের নিজেদের অবস্থানের প্রমাণ দিতে হবে। শুধু নোয়াখালীকে বিভাগ করার দাবিতে আন্দোলন করলেই চলবে না, বরং পুরো দেশ ও বিশ্ব পরিস্থিতি নিয়েও ভাবতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব।
আগামী ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ডিসেম্বরে কেউ একজন দেশে ফিরতে চাইছেন—এমন আলোচনা রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে প্রস্তুতি ছিল, এবারও তেমন প্রস্তুতি আছে কি না, তা জানতে চান। একই সঙ্গে এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, নাকি কম হবে—সেই প্রশ্নও রাখেন তিনি। বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, আগেরবার তাঁরা অনেক উদারতা দেখিয়েছিলেন এবং ক্ষমা করার মানসিকতা প্রকাশ করেছিলেন। ওসমান হাদীর বক্তব্যের সূত্র ধরে তাঁরা শত্রুর প্রতিও ন্যায়বিচার ও সুবিচার করার কথা বলেছিলেন। কিন্তু গত দুই বছরে কোনো বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার হয়নি, একইভাবে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের হত্যারও বিচার মেলেনি। নাহিদ ইসলাম আরও বলেন, মানুষ যখন ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।
ডিসেম্বরকে বিজয়ের মাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, ২০২৪ সালেও বিজয় এসেছে। ২০২৬ সালেও বিজয় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর ভাষায়, ভবিষ্যতের প্রতিটি ডিসেম্বরেই ছাত্র-জনতা বিজয়ী হবে। কোনো ডিসেম্বরেই ‘আপা’ দেশে ফেরার সুযোগ পাবেন না বলেও মন্তব্য করেন তিনি। দেশে ফিরলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন