আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিবাসী সহায়তা সংস্থা বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিও দিউফের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহগুলোর সবাই সেনেগালের নাগরিক। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তরুণদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর একটি হিসেবে পরিচিত। স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংগঠন ওয়াকিং বর্ডারসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই পথে অন্তত ৬৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সংস্থাটির হিসাব বলছে, এ রুট দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জন প্রাণ হারান।
অন্যদিকে অভিবাসীদের প্রবেশ বেড়ে যাওয়ায় স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুসারে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। এর আগে গত শুক্রবার স্পেনের উদ্দেশে রওনা হওয়া ১৪২ জন অভিবাসীকে বহনকারী আরেকটি নৌকা আটক করে সেনেগালের কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কাজের অভাব, পারিবারিক চাপ এবং উন্নত জীবনের প্রত্যাশা সেনেগালের তরুণদের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপযাত্রায় উৎসাহিত করছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতি চার তরুণের একজন বেকার ছিলেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মানবপাচার ও অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সেনেগাল সরকার।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন