ভারতের রাজনীতিতে ২০০৪ সালের একটি সিদ্ধান্ত আজও আলোচনার বিষয়। লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্ব গ্রহণ করেননি তিনি। বরং নিজের জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন মনমোহন সিংকে। এত দিন পর নিজের আত্মকথায় সেই সিদ্ধান্তের পেছনের কারণ এবং পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেছেন সোনিয়া।
নিজের আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সোনিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে তিনি দীর্ঘ সময় দ্বিধা ও মানসিক টানাপোড়েনের মধ্যে ছিলেন। পাশ্চাত্য মূল্যবোধ, নিজের রাজনৈতিক অবস্থান এবং পরিবারের নিরাপত্তার বিষয়টি তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। পাশাপাশি ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও চাইতেন না তাদের মা দেশের প্রধানমন্ত্রী হন। সোনিয়া লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই তিনি সন্তানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। নির্বাচনে কংগ্রেস জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না, সন্তানদের এমন প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে জানিয়েছিলেন, তার সেই ইচ্ছা নেই। রাহুল ও প্রিয়াঙ্কাও মায়ের এই অবস্থানে স্বস্তি পেয়েছিলেন।
এর পেছনে বড় কারণ ছিল পরিবারের অতীতের ভয়াবহ অভিজ্ঞতা। সোনিয়ার শাশুড়ি ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পরে তার স্বামী রাজীব গান্ধীকেও নৃশংসভাবে হত্যা করা হয়। এসব ঘটনা রাহুল ও প্রিয়াঙ্কার মনে গভীর প্রভাব ফেলেছিল। তাই মাকে একই ধরনের ঝুঁকির মধ্যে দেখতে চাননি তারা। তবে বিষয়টি শুধু পরিবারের ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একদিকে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি সোনিয়ার দায়িত্ববোধ, অন্যদিকে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ না করার ব্যক্তিগত সিদ্ধান্ত—দুইয়ের মধ্যে চলছিল টানাপোড়েন। তিনি জানতেন, দায়িত্ব প্রত্যাখ্যান করলে দলের অনেক নেতা-কর্মী হতাশ হবেন। আবার নিজের অবস্থান থেকে সরে আসতেও মন সায় দিচ্ছিল না।
এমন পরিস্থিতিতে সোনিয়ার বাসভবনে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতারা একের পর এক তাকে প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ জানান। প্রায় এক ঘণ্টা ধরে অনুরোধ চলার পর সোনিয়া নিজের সিদ্ধান্ত জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আত্মকথায় তিনি লিখেছেন, তার সিদ্ধান্ত শুনে শরিক নেতারা আপত্তি জানান। কেউ বলেন, এই সিদ্ধান্ত তারা মানবেন না। আবার কেউ মন্তব্য করেন, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। নেতাদের চাপের মুখে সোনিয়া কিছু বলার আগেই কয়েকজন ধরে নেন, তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণে রাজি হয়েছেন।
কিন্তু পুরো ঘটনা শুনছিলেন প্রিয়াঙ্কা। কনফারেন্স রুমের একটি খোলা জানালার পাশে দাঁড়িয়ে তিনি বৈঠকের সব কথা শুনেছিলেন। পরে কাঁদতে কাঁদতে ভাই রাহুলকে বিষয়টি জানান। রাহুল ও প্রিয়াঙ্কা মায়ের কাছে গিয়ে জানতে চান, তিনি সত্যিই কি প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন? সোনিয়া তাদের জানান, তিনি রাজি হতে চাননি, কিন্তু নেতারা তাকে কথা শেষ করার সুযোগ দেননি। এ সময় রাহুল ও প্রিয়াঙ্কা দুজনই মাকে আগের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন। তারা আশ্বস্ত করেন, যেকোনো সিদ্ধান্তে মায়ের পাশে থাকবেন।
সোনিয়া আরও লিখেছেন, প্রধানমন্ত্রী হলে তার বিদেশি পরিচয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে—এমন আশঙ্কাও তার ছিল। এতে দেশের রাজনৈতিক পরিবেশে বিভাজন তৈরি হতে পারে বলে মনে করেছিলেন তিনি। তার কাছে ক্ষমতার চেয়ে ভারতের ধর্মনিরপেক্ষতা, দরিদ্র মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই রাতেই দীর্ঘ চিন্তাভাবনার পর নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করেন সোনিয়া। পরদিন সকালে রাহুলকে জানিয়ে দেন, তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না। রাহুলও মায়ের সিদ্ধান্তকে সঠিক বলে সমর্থন করেন।
এরপর কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচনের দিন সেন্ট্রাল হলে উপস্থিত হন সোনিয়া। সেখানে নেতারা আবারও তাকে প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ জানান। কিন্তু নিজের লিখিত বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন, প্রধানমন্ত্রিত্ব কখনোই তার রাজনৈতিক জীবনের লক্ষ্য ছিল না। তাই বিনয়ের সঙ্গে এই পদ প্রত্যাখ্যান করছেন তিনি। এরপর সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের নাম ঘোষণা করেন সোনিয়া। উপস্থিত নেতারা করতালি দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান। রাহুল ও প্রিয়াঙ্কাও মায়ের পাশে ছিলেন। সোনিয়ার ভাষায়, ওই সিদ্ধান্তের মধ্য দিয়েই তার দীর্ঘ মানসিক অগ্নিপরীক্ষার অবসান হয়েছিল।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন