দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর! এককালীন ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর। তাই যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
সোনালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এই বৃত্তি দেওয়া হচ্ছে। ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা পাবেন। গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। এই বৃত্তির আওতায় দুই ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। প্রথমত, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। দ্বিতীয়ত, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
তবে আবেদনের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা। এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ হলেই আবেদন করা যাবে। একইভাবে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজন জিপিএ ৪ দশমিক ৫। আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে।
শুধু ভালো ফলাফল থাকলেই হবে না, আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট আর্থিক ও সামাজিক যোগ্যতার আওতায় পড়তে হবে। যেমন—দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। এ ছাড়া আবেদনকারীর বাবা-মা অথবা অভিভাবকের মাসিক আয় মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে পারবে। স্বচ্ছল পরিবারের সন্তানদের এই বৃত্তির জন্য আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদন করতে আগ্রহীদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে। বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ওয়েবসাইটে পাওয়া যাবে। তাই যারা ২০২৫ সালে এসএসসি কিংবা এইচএসসি পাস করে বর্তমানে উচ্চমাধ্যমিক বা স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন এবং নির্ধারিত যোগ্যতা পূরণ করেন, তাদের জন্য এটি আর্থিক সহায়তা পাওয়ার একটি সুযোগ। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর—এই সময়সীমা মাথায় রেখেই প্রয়োজনীয় তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন