জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই হবে তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। বুধবার (১১ নভেম্বর) এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর যুক্তরাজ্য সফরের বিষয়টি নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার রক্ষায় দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং এ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে। এনসিপি সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেও বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও বিভিন্ন ঘটনা তুলে ধরবেন।
এহতেশাম হক জানান, সফরকালে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। তাঁদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার বিষয়গুলো শোনার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এনসিপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন