যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ। তবে চুক্তির কয়েকটি শর্ত নিয়ে জাতীয় স্বার্থ, রাজস্ব আয় এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্ত পর্যালোচনা করে চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর ক্রয় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই চুক্তি সম্পাদনের পথ আরও পরিষ্কার হবে।
তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির চারটি শর্ত নিয়ে আপত্তি রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত শর্ত হলো, তৃতীয় টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের পরিচালনায় থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পুরো দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। এ কাজের বিনিময়ে বাংলাদেশ বিমান রাজস্বের অংশ পাবে কি না, তা নিয়েও নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় শর্তটি রাজস্ব ভাগাভাগি নিয়ে। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা থাকলেও পরিচালনার প্রস্তুতিমূলক আট মাসে জাপানি পক্ষ মাত্র সাড়ে ১৩ শতাংশ দেওয়ার প্রস্তাব করেছে। ফলে ওই সময়ে সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃতীয়ত, বাংলাদেশের প্রচলিত আইন পরিবর্তন হলে তা জাপানি প্রতিষ্ঠানের ওপরও কার্যকর হবে কি না, তা নিয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে। জাপানি পক্ষ বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তি চাইলেও বাংলাদেশ জানিয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সাধারণভাবে প্রযোজ্য আইন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর থাকবে। চতুর্থ শর্তটি টার্মিনালের নির্মাণসংক্রান্ত ত্রুটি শনাক্ত ও সংশোধনের দায়বদ্ধতার সময়সীমা নিয়ে। এ ক্ষেত্রে ত্রুটি দায়বদ্ধতার মেয়াদ ১২ মাস নির্ধারণের বিষয়টি সামনে এসেছে।
এ ছাড়া চুক্তির আরও দুটি শর্ত নিয়ে আগে থেকেই সমালোচনা রয়েছে। একটি হলো, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা। অন্যটি হলো, শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও এসব শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনাল কার্যক্রমের বাইরে থাকলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অভিযোগ, এসব শর্তে দেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে না। তাঁর মতে, বেবিচকের জনবল ও সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে সংস্থাটির নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনার সুযোগ তৈরি করা যেত। এতে দেশের রাজস্ব আয় বাড়ত। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা প্রায় ৮০ লাখ হলেও বাস্তবে সেখানে এক কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত এক কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। তাই চুক্তির স্পর্শকাতর শর্তগুলো আবার পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকারের লক্ষ্য, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালু করা। এ জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের আওতায় তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করা হয়। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় ২২ হাজার ২১৩ কোটি টাকা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন