আমন ধান ও চাল সংগ্রহের দাম নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান কেনা হবে। পাশাপাশি ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
রোববার ৮ নভেম্বর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। খাদ্যমন্ত্রী জানান, প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরে কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে, সেখান থেকেও ধান সংগ্রহ করা হবে।
এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চালের বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে তিনি জানান, খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।
খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি খাদ্য মজুদে রয়েছে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম। সরকারের এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে একদিকে কৃষকেরা ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন, অন্যদিকে দেশের খাদ্য মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন