সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালেই সেই স্বপ্ন থেমে গেছে। শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে পাওয়া এই হার ভীষণভাবে নাড়া দিয়েছে দলের খেলোয়াড় ও সমর্থকদের।
ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। তিনি বলেন, এই হার শুধু খেলোয়াড়দের জন্যই নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও অত্যন্ত কষ্টের। এমন পরাজয় তাঁর কাছে ভীষণ হৃদয়বিদারক। পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। তাঁর ভুলের কারণে বাংলাদেশ গোল হজম করেছে বলে সমালোচনা তৈরি হয়। তবে এই হারের জন্য কোনো একজন খেলোয়াড়কে দায়ী করতে রাজি নন হামজা।
তাঁর মতে, ফুটবল দলগত খেলা। মাঠে দুই দলই ১১ জন করে খেলেছে, তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করা ঠিক হবে না। হামজা জানান, বিরতির পর পাকিস্তান তাদের খেলার পরিকল্পনায় পরিবর্তন আনে। এরপরও প্রতিপক্ষ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে পাওয়া একমাত্র সুযোগ থেকেই গোল আদায় করে নেয় তারা। অন্যদিকে, বাংলাদেশের কোচ থমাস ডুলি মনে করেন, ম্যাচের চাপ সামলাতে না পারাই হারের অন্যতম কারণ। তাঁর ভাষ্য, ঘরের মাঠে বিপুল দর্শকের সামনে খেলার প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু শুরু থেকেই খেলোয়াড়েরা নিজেদের স্বাভাবিক খেলায় ফিরতে পারেননি। একের পর এক ভুলের কারণে চাপ আরও বেড়েছে এবং সেই চাপ সামলানো কঠিন হয়ে পড়ে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন