অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও দায়িত্ব পালনকালে মারধর, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ, আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এমন হামলার ঘটনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর মোট ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন চারজন পুলিশ সদস্য। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনের ভিড়, আসামি গ্রেপ্তার এবং নিয়মিত টহলের সময়ও হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি কেউ কেউ স্থায়ী পঙ্গুত্ব কিংবা গুরুতর জখমের শিকার হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পুলিশ সদরদপ্তর বলছে, অপরাধীরা পুলিশকে দুর্বল করার চেষ্টা করলেও তাতে সফল হবে না। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, পুলিশের মনোবল দৃঢ় রয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশকে দমিয়ে রাখা সম্ভব নয়। দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে অপরাধীরা এ ধরনের সহিংস কর্মকাণ্ড বাড়াচ্ছে। তাই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন। অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় ও সদস্যদের লক্ষ্য করে হামলার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। দেশের নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকলেও এ ধরনের সহিংসতা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, চেকপোস্ট বাড়ানো এবং টহল দলের সংখ্যা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন