আজকের এই রায় শুধু একটি মামলার রায় নয়—রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের ভয়াবহ হত্যাযজ্ঞ আন্তর্জাতিক আইনে গণহত্যা হিসেবে স্বীকৃতি পাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত। এই রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসেও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার সমর্থনে করা এই মামলায় গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
এর আগে ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, ওই সময় রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। এর পর কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। জাতিসংঘের অনুসন্ধান ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনেও এসব নৃশংসতার তথ্য উঠে আসে। তবে আইসিজের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এসব ঘটনা আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় গণহত্যার পর্যায়ে পড়ে কি না।
কারণ গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। শুধু হত্যা বা নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়; একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়। গাম্বিয়ার আইনজীবীরা বলছেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের ওপর বিধিনিষেধ গণহত্যার উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ প্রমাণ।
অন্যদিকে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো রাষ্ট্র সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে—এই অধিকারকে কেন্দ্র করেও আইনি লড়াই হয়েছে।
আইসিজে যদি গাম্বিয়ার পক্ষে রায় দেয়, তাহলে আন্তর্জাতিক আইনে এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং আইসিজে নিজে কোনো শাস্তি আরোপ করে না। বাংলাদেশের জন্যও এই রায়ের গুরুত্ব অনেক। কক্সবাজারের শিবিরগুলোতে এখন ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ এখনো অনিশ্চিত। ফলে আজকের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগও প্রয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন