২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জনসংখ্যা পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মঙ্গলবার ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করে এই পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষ বসবাস করেন।
গবেষণায় বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটতে পারে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও প্রায় ১২০ কোটি বাড়তে পারে। যা বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে জন্মহারের কথা উল্লেখ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের গড় সন্তানসংখ্যা ২ দশমিক ৫।
পিউ রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ। এর ফলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টান জনসংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। দেশভিত্তিক পূর্বাভাসে পাকিস্তানের অবস্থানও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৭০ লাখ। আগামী পাঁচ দশকে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এমনটি হলে মুসলিম জনসংখ্যার দিক থেকে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে উঠে আসতে পারে।
অঞ্চলভিত্তিক হিসাবেও মুসলিম জনসংখ্যার বড় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। তবে গবেষণা সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এই পূর্বাভাস ভবিষ্যতের সব ধরনের পরিবর্তনকে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়নি। আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ঘটনা জনসংখ্যার আকার এবং মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।
সূত্র: পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যা পূর্বাভাস।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন