প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার সাম্প্রতিক পদক্ষেপ দুই দেশকে প্রকাশ্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এরই মধ্যে সীমান্ত বন্ধের পরিকল্পনা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে রাশিয়ায় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও সতর্ক করে বলা হয়েছে, দেশটির এমন উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো। রাশিয়ার আরও অভিযোগ, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের পরোক্ষ অনুমতি দিচ্ছে এস্তোনিয়া। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়া।
এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ওই হামলার পর ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয় মস্কো। পাশাপাশি হামলার জবাবে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রুশ সরকার। এস্তোনিয়া ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় দেশটিকে ঘিরে রাশিয়ার এই হুঁশিয়ারি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়লে এর প্রভাব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে পারে।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন